বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অসত্য অভিযোগের কারণে প্রিয়া সাহার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে ‘সম্প্রীতি বাংলাদেশ’ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। ‘বাংলাদেশে বিদ্যমান সম্প্রীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মিথ্যাচারের প্রতিবাদে’ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের উন্নয়নের ধারাকে ব্যাহত করতে এবং বাংলাদেশকে বন্ধুহীন করতে একটি গভীর চক্রান্ত হচ্ছে। প্রিয়া সাহার নির্লজ্জ মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানাই। তার বক্তব্য দেশের শুভবোধসম্পন্ন ব্যক্তিদের আবেগ ও অনুভূতিতে আঘাত হেনেছে। এখন দেখার বিষয় প্রিয়া সাহাকে শিখণ্ডী বানিয়ে কোনো দুষ্টচক্র যেন ঘোলাপানিতে মাছ শিকার করতে না পারে। তিনি আরো বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবশ্যই থলের বিড়াল বেরিয়ে আসবে। রাষ্ট্রের উচিত দেশের প্রচলিত আইনে তার বিচার করা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ড. মামুন আল মাহতাব স্বপ্নীল, সাবেক সচিব নাসির উদ্দিন, সাবেক মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, ড. রমনি মোহন দেবনাথ প্রমুখ।