বিআরডিবির ৮ হাজার কর্মচারী দুই বছর ধরে বেতন পাচ্ছেন না

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ৮ হাজার কর্মচারী দুই বছর ধরে কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। তারা মানবেতর জীবন যাপন করছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমবায় বিভাগের অতিরিক্ত সচিব আক্রাম হোসেন বিআরডিবির ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্বে থাকাকালে বিআরডিবিকে জামায়াতিকরণ করা হয়। তার চালবাজিতে এই প্রতিষ্ঠানের ৮ হাজার কর্মচারীর চাকরি স্থায়ী করা হচ্ছে না। আক্রাম হোসেন ’৭১ সালের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গঠিত শান্তি কমিটির এক সদস্যের ছেলে।

গতকাল জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে  বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সিবিএর সভাপতি মো. আবদুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে সংগঠনের কার্যকরী কমিটির সভাপতি মঞ্জুরুল হক, সহসভাপতি এম এ বারি, আলী আজগর মোল্লা, মোবারক হোসেন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এনামুল কবীরসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি