মঙ্গলবার (২৭ মে) ব্রুনাইয়ের শাসক সুলতান হাসানাল বলকিয়াহ মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৪৬তম দক্ষিণ-পূর্ব এশিয়ান দেশগুলির সংগঠন (আসিয়ান) শীর্ষ সম্মেলনে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সুস্থ আছেন বলে তার কার্যালয় জানিয়েছে।
সম্মেলনে হঠাৎ অসুস্থতা বোধ করায় ৭৮ বছর বয়সী সুলতানকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইন্সটিটিউট ভর্তি করা হয়েছিলো এবং মালয়েশিয়ার চিকিৎসকদের পরামর্শে তিনি বেশ কয়েকদিন সেখানেই থাকবেন বলে তার কার্যালয় জানিয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশনের বর্তমান চেয়ারম্যান এবং সম্মেলনের আয়োজক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ব্রুনাই শাসনকারী সুলতানের হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রুনাইয়ের সুলতান একসময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন এবং একনায়ক হওয়ার পরেও তেল সমৃদ্ধ দেশটিতে তিনি অত্যন্ত জনপ্রিয়। সুলতান ব্রুনাইয়ে দেশটির একাধিক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। তিনি একাধারে প্রধানমন্ত্রী, সশস্ত্র বাহিনীর কমান্ডার, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ব্রুনাই ১৯৮৪ সালে ব্রিটেনের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করার পর তার নেতৃত্বেই দেশটির জনগণের জীবনযাত্রার মান এশিয়ার সর্বোচ্চ স্তরে উন্নীত হয়।
তথ্যসূত্র: রয়টার্স