টানাটানির সংসারে নুন আনতে পান্তা ফুরোয় দশা। অথচ তাঁদের এক মাসের বিদ্যুত্ বিল এসেছে ১২৮ কোটি রূপি যা প্রায় একটা গোটা শহরের বিলের সমান। আর তা দেখে মাথায় হাত ভারতের উত্তরপ্রদেশের একটি পরিবারের। রাজধানী দিল্লি থেকে ৮০ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের হাপুর জেলার চামরি গ্রামে ঘটনাটি ঘটেছে। সপরিবারে সেখানে বসবাস শামীম নামের এক ব্যক্তির। অনেক কষ্টে বাড়িতে বিদ্যুত্ সংযোগ পাওয়া শামীম স্থানীয় মিডিয়াকে জানিয়েছেন, তাঁদের বাড়িতে ২ কিলোওয়াটের বিদ্যুত্ সংযোগ আছে। বাতি-পাখা মিলিয়ে প্রতি মাসে ৭০০ রূপির মতো বিল আসে। কিন্তু সম্প্রতি বিল হাতে পেয়ে চোখ কপালে ওঠে তাঁর। তাতে ১২৮ কোটি ৪৫ লাখ ৯৫ হাজার ৪৪৪ রূপির বিল মেটাতে বলা হয়। শামীমের দাবি, তিনি অভিযোগ নিয়ে বিদ্যুত্ দফতরে গেলেও কেউ কথা শোনেননি। বরং বিল দিতে না পারায় বিদ্যুত্ সংযোগই কেটে দেওয়া হয়েছে। স্থানীয় বিদ্যুত্ দফতরের ইঞ্জিনিয়ার রাম শরণ বলেন, সম্ভবত প্রযুক্তিগত ভুল হয়েছে। এটা বড় ব্যাপার নয়। হতেই পারে। ভুল হলে সংশোধণ করা হবে। - আনন্দবাজার পত্রিকা