পিরোজপুরে প্রিয়া সাহার বিচার দাবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এনজিও শারির নির্বাহী পরিচালক প্রিয়া সাহা নিজের বাড়ি-ঘর হারানোর যে অভিযোগটি তুলেছেন তা ছিল সাজানো। তাকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে শারির অর্থায়নে পরিচালিত সংখ্যালঘুদের মানবাধিকার বিষয়ক সংগঠন ‘সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা-সুনাম’ এর পিরোজপুর জেলা ও উপজেলা শাখা।

গতকাল রবিবার এ সংগঠনের পিরোজপুর সদর উপজেলা কমিটির সদস্যরা স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানিয়ে সুনাম থেকে একযোগে পদত্যাগের ঘোষণা দেন। এর আগে গত শনিবার পিরোজপুর জেলা কমিটির সদস্যরাও পদত্যাগ করেন।

সংবাদ সম্মেলনে পিরোজপুর সদর উপজেলা সুনাম কমিটির সভাপতি মো. হাসিবুল ইসলাম  লিখিত বক্তব্যে আরও বলেন, প্রিয়া সাহা ওরফে প্রিয়া বালা বিশ্বাস মার্কিন প্রেসিডেন্টের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করেছে। এ বিষয়টি আমরা মনে করছি দেশদ্রোহিতার শামিল।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সদর উপজেলা সুনাম কমিটির সহ-সভাপতি তামিম সরদার, মানবাধিকার বিষয়ক সম্পাদক রেজওয়ান ইসলাম সাজনসহ অন্যান্য নেতৃবৃন্দ।