কুমিল্লার মনোহরগঞ্জে প্রবাসীর বাড়ীর মুল ফটকের সামনে থেকে হাঁটা চলায় প্রতিবন্ধকতা সৃষ্ট দেয়াল অপসারণ করেছে সেনাবাহিনীর সদস্যরা। ২৭ মে মঙ্গলবার সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার নাথেরপেটুয়া ইউপির ভোগই গ্রামস্থ প্রবাসী দুলাল মিয়ার বাড়ীর সামনে অবৈধভাবে দেয়া দেয়ালটি অপসারণ করে। দেয়াল অপসারণের পর চলাচলের পথ উন্মুক্ত হওয়ায় প্রায় দুই মাস অবরুদ্ধ থাকা ভুক্তভোগী পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হওয়ার সুযোগ পাওয়ার কথা জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর ওই এলাকার কিছু প্রভাবশালী বাসিন্দা তার প্রবাসী স্বামী দুলাল মিয়ার কাছে চাঁদা দাবী করে আসছিল। কাঙ্ক্ষিত চাঁদা না পেয়ে তারা প্রায় দুই মাস আগে ওই প্রবাসীর বাড়ির মুল ফটকে ইটের গাঁথুনি দিয়ে দেয়াল তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে অবরুদ্ধ হয়ে পড়ে ওই পরিবারের সদস্যরা। ২৫ মে প্রবাসীর স্ত্রী কুসুম আক্তার তাদের চলাচলের পথ বন্ধ করে দেয়ার কথা উল্লেখ করে নিজ বাড়ি থেকে বের হতে পারছেন না এ মর্মে মনোহরগঞ্জ সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগে ঐ এলাকার ৮জন স্থানীয় বাসিন্দা ও অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি ধামকিসহ নানা অভিযোগের কথা উল্লেখ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে মনোহরগঞ্জ উপজেলা ক্যাম্প কমান্ডার মেজর মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ২৭ মে মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে বাড়ীর সামনে থেকে দেয়ালটি অপসারণের ব্যবস্থা করে এবং চলাচলের পথটি উন্মুক্ত করে দেয়। মনোহরগঞ্জ উপজেলা ক্যাম্প কমান্ডার মেজর মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত দুইমাস ধরে ভোগান্তির বর্ণনা দিতে গিয়ে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী কুসুম আক্তার জানান, বাড়ি থেকে বের হওয়ার পথে দেয়াল দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির পর পরিবারের সদস্যরা বাড়ীর সীমানা প্রাচীরের উপর দিয়ে মই বেয়ে মাঝে মাঝে প্রয়োজনীয় কাজে বাহিরে আসতেন, কাজ শেষে আবার মইযোগে বাড়িতে প্রবেশ করতেন। অবশেষে সেনাবাহিনীর সদস্যদের হস্তক্ষেপে এমন বন্দীদশা থেকে মুক্তি পান তারা।
বাড়ীর প্রবেশপথের গেইটে সাঁটা ইটের দেয়াল অপসারণ করে চলাচলের পথ উন্মুক্ত করে দেয়ায় সেনাবাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।