রাজশাহীতে চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৭টার দিকে রাজশাহীর হরিয়ান এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম সাজ্জাদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। পাথরের আঘাতে তার মাথা ফেটে গেছে। তিনি আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। রাজশাহী থেকে ঝিনাইদহের শৈলকুপায় যাচ্ছিলেন সাজ্জাদ।
আহতের সহযাত্রী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান সোহান জানান, রাজশাহী থেকে ঝিনাইদহের শৈলকুপায় যাচ্ছিলেন তারা। আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনে তারা যাত্রা করছিলেন। ট্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে যায়। কিছুক্ষণ পর হরিয়ান এলাকায় ট্রেন চলাকালে বাইরে থেকে জানালার ফাঁক দিয়ে একটি পাথর ছোড়া হয়, যা সরাসরি সাজ্জাদের মাথায় লাগে।
পাথরের আঘাতে সাজ্জাদের মাথা কেটে রক্ত বের হয়। সঙ্গে থাকা সহযাত্রীদের সহায়তায় তাৎক্ষণিকভাবে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করা হয়। তার মাথায় একাধিক সেলাই লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘মধুমতি ট্রেনে রাজশাহী রেলওয়ে থানার পুলিশ থাকে না, অন্য থানার পুলিশ দায়িত্বে থাকে। ওই ট্রেনে দায়িত্বরত পুলিশের সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’