সম্পর্ক বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তান দলকে নিয়ে পাক প্রেসিডেন্টের ডিনার

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার। বর্তমানে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা। এমন বাজের সময়ের মাঝেও ভালো মুহূর্ত কাঁটিয়েছে টাইগাররা।  

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আজ শেষ ম্যাচে মাঠে নামবে লিটন দাসের দল। তার আগে শনিবার (৩১ মে) বাংলাদেশ ও পাকিস্তান দল যোগ দিয়েছিলেন দেশটির রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির ডিনার অনুষ্ঠানে। দুই দেশের ক্রিকেটার ও অফিসিয়ালদের খেলোয়াড়ি মনোভাব এবং আঞ্চলিক বন্ধুত্ব আরও নিবিড় করতে পারস্পরিক চেনাজানা বাড়াতে পাকিস্তানের ফেডারেল সরকারের মন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি এই ডিনার আয়োজন করেছিলেন।

প্রেসিডেন্ট জারদারি দুই দলের খেলোয়াড় ও অফিসিয়ালদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং সিরিজে পাকিস্তান দলের দারুণ পারফরম্যান্সের প্রশংসা করেন। তিনি বলেন, 'আমি সেই প্রজন্মের যারা এই বিচ্ছেদের সাক্ষী। আজকের প্রজন্মের ছেলেরা হয়ত এই বিচ্ছেদের যন্ত্রণা পুরোপুরি অনুধাবন করতে পারবে না।'

এ সময় পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি বাংলাদেশিদের 'এই অঞ্চলের অন্যতম সমৃদ্ধ জাতি' আখ্যা দিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা জানান। তিনি বলেন, 'দুই দেশকে আরও কাছে আনতে কাজ করা দরকার। আমাদের অবশ্যই দুই দেশের মানুষের কল্যাণের দিকে মনোযোগী হতে হবে।'

বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির দিকে আলোকপাত করে প্রেসিডেন্ট জারদারি বলেন, 'এটি (বাংলাদেশ) এখন বিশ্বের কাছে সফল একটি দেশ হিসেবে স্বীকৃত এবং পাকিস্তানের মতোই প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ।'