সীতাকুণ্ড (চট্টগ্রাম): সীতাকুণ্ডে
২৭তম আন্তর্জাতিক এবং ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টায় পৌরসভাস্থ শিবপুর গ্রামে জালাল আহম্মদ অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক তপন চক্রবর্তীর সভাপতিত্বে প্রতিবন্ধী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পৌর সাবেক মেয়র ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জুলফিকার আলী মাসুদ শামীম। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক কুমার নাথ, উজ্জ্বল কুমার শীল, এমরুল হাসান বাবু, মোশাররফ হোসেন, শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, জাতিসংঘ ঘোষিত এ দিবসটি ১৯৯২ সাল থেকে বিশ্বব্যাপী পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’। প্রতিবন্ধীদের মানোন্নয়নে এবং শিশুদের প্রতি আলাদাভাবে বিশেষ নজর রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। পরে একটি র্যালি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় —ইত্তেফাক