ভারতে বিশেষ সম্মাননায়...

শিশু সাহিত্য ও বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ভারতের ‘হায়দরাবাদ বাংলা চলচ্চিত্র উত্সব’-এ বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্ম লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। গত ১৮ জুলাই হায়দরাবাদে ৬ষ্ঠ বারের মত অনুষ্ঠিত হয় এ উত্সব, শেষ হয় ২১ জুলাই। ১৯ জুলাই বিকেলে হায়দরাবাদের বানজারাক হিলের প্রসাদ ল্যাব থিয়েটারে ফরিদুর রেজা সাগরসহ তিন জনকে এ সম্মাননা দেওয়া হয়।

অন্য দুজন ভারতের কিংবদন্তি নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত ও দক্ষিণী সুপারস্টার নাগার্জুন। হীরালাল সেনের হাত ধরে বাংলা চলচ্চিত্রের যাত্রা শুরু হয় ১৯১৯ সালে। ‘হায়দরাবাদ বাংলা চলচ্চিত্র উত্সব’-এর পরিচালক পার্থ প্রতিম মল্লিক জানান, বাংলা চলচ্চিত্রের একশো বছর পূর্তি উপলক্ষ্যে এ বছর ১৩টি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র প্রদর্শীত হয়। এরমধ্যে সুব্রত সেনের ‘মানব মানবী’ ও ইন্দ্রনীল ঘোষের ‘শিরোনাম’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার এবং বাকি ১১টি ছবির হায়দরাবাদ প্রিমিয়ার হয়। বাংলা চলচ্চিত্রের একশ বছর পূর্তিতে এ উত্সবে দেখানো হয় সত্যজিত্ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিনহা, গৌতম ঘোষ ও ঋতুপর্ণা ঘোষের ছবি। উত্সব কমিটি মনে করেন, চলচ্চিত্রের মাধ্যমে সংস্কৃতির আদান-প্রদানই প্রধান লক্ষ্য।