আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান আমানোর মৃত্যু

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান জাপানি কূটনীতিক ইউকিয়া আমানো মারা গেছেন। সোমবার এক বিবৃতিতে আইএইএ এ খবর দিয়েছে ।

দীর্ঘদিন ধরে চলা অসুস্থতার কারণে এ দিনটিতে তিনি আগাম অবসরের ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু তার আগেই ৭২ বছর বয়সে জীবনাবসান হলো তার। ২০০৯ সালে আইএইএ-র মহাপরিচালকের দায়িত্ব নিয়েছিলেন তিনি। ইরান ও উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে ব্যাপক কূটনীতিক তত্পরতার পুরো সময়টিতে তিনি জাতিসংঘের সংস্থাটির প্রধান ছিলেন।

তার মৃত্যুর বিষয়ে নিজেদের বিবৃতিতে আইএইএ বলেছে, “আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার দপ্তর গভীর দুঃখের সঙ্গে মহাপরিচালক ইউকিয়া আমানোর মৃত্যু সংবাদ জানাচ্ছে।”এক দশক আগে মোহাম্মদ এলবারাদের কাছ থেকে আইএইএ-র দায়িত্ব নিয়েছিলেন আমানো। আমানোর মৃত্যুতে তাদের ভিয়েনা সদর দপ্তরের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে বলে আইএইএ জানিয়েছে।

টানা তৃতীয় মেয়াদে ২০২১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত আইএইএ-র মহাপরিচালক পদে থাকার কথা ছিল তার। কিন্তু অসুস্থতাজনিত ভগ্নস্বাস্থ্যের কারণে মার্চেই পদত্যাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তার শূন্য পদে আইএইএ-র নতুন প্রধান হিসেবে কে আসছেন তা পরিষ্কার হয়নি। যদিও তার পদে কে অভিষিক্ত হবেন তা নিয়ে আলোচনা গত সপ্তাহেই শুরু হয়েছিল বলে জানিয়েছে বিবিসি। এক দশক আগে মোহাম্মদ এলবারাদের কাছ থেকে আইএইএ-র দায়িত্ব নিয়েছিলেন আমানো।