রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয়ের কারণে তুরষ্কের ওপর যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে আঙ্কারাও বসে থাকবে না। তারাও এর প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে। গতকাল তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তুরষ্কের পররাষ্ট্রমন্ত্রী মেভাল্ট কাভুসোগলু বলেন, যুক্তরাষ্ট্রকে তুরষ্কের এ প্রতিক্রিয়ার কথা ভেবে-চিন্তে পদক্ষেপ নেওয়া উচিত। এজন্য তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি ভাবার জন্য অনুরোধ জানান। চলতি মাসের শুরুর দিকে তুরষ্ক এই এস -৪০০ ক্ষেপণাস্ত্রের চালান রাশিয়ার কাছ থেকে নিতে শুরু করে। তিনি বলেন, নিরাপত্তাগত কারণে এটি কেনা হচ্ছে। একে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র তাদের ওপর কোনো ব্যবস্থা নিলে তারাও পাল্টা ব্যবস্থা নেবে। তিনি বলেন, এটি কোনো হুমকি নয়, তবে আমাদের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিলে আমরাও চুপ করে বসে থাকতে পারি না। যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে এরই মধ্যে এস-৪০০ এর দ্বিতীয় চালান তুরষ্কের কাছে পৌঁছায়। তারও আগে প্রথম চালান সেখানে পৌঁছায়। তুরষ্ক বলছে, এই এস-৪০০ কেনা নিয়ে জল ঘোলা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথ খুঁজছে। অপরদিকে যুক্তরাষ্ট্র বলছে, ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও তুরষ্ক এই অস্ত্র কিনে তাদের সম্পর্কে চিড় ধরাচ্ছে। কেননা এভাবে ক্ষেপণাস্ত্র কিনতে পারে না তুরষ্ক।
রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার জন্য ২০১৭ সালে আড়ই’শ কোটি মার্কিন ডলারের চুক্তি করে তুরস্ক। তারই ধারাবাহিকতায় এই ক্ষেপণাস্ত্রের চালান আসে তুরষ্কে।