ভারতের উত্তর প্রদেশে বজ্রপাতে একদিনে ৩২ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো ১৩ জন। রবিবার এ হতাহতের ঘটনা বলে সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে।
এর একদিন আগে শনিবার বজ পাতে রাজ্যটিতে আরো একজনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া ১৮ ও ২০ জুলাই সাপের কামড়ে দুই জনের মৃত্যু হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে। ওইদিনের বজ্রপাতে নিহতদের মধ্যে রয়েছেন- কানপুরের সাত জন, ফতেহপুরে সাত জন, ঝাঁসিতে পাঁচ জন, জালাউনে চার জন, হামিরপুরে তিন জন, গাজিপুরে দুই জন এবং জাউনপুর, প্রতাপগড়, কানপুরের দেহাট ও চিত্রকুটে এক জন করে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে অর্থ সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি আহতদের উপযুক্ত চিকিত্সা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।