মাছ চাষে বাংলাদেশ সফল, বিশ্বে চতুর্থ স্থানে :স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বিগত দুই মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  নেতৃত্বে বাংলাদেশ মাছ চাষে সফলতা লাভ করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বর্তমানে মত্স্য উত্পাদনে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। এধারা অব্যাহত থাকলে মত্স্য উত্পাদনে বাংলাদেশ ভবিষ্যতে আরো এগিয়ে যাবে। সরকারের বাস্তবমুখী পদক্ষেপের কারণে বাংলাদেশ আজ খাদ্য উত্পাদনে স্বয়ংসম্পূর্ণ। সরকার ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করছে। ‘জাতীয় মত্স্য সপ্তাহ-২০১৯’ উপলক্ষ্যে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়াধীন মত্স্য অধিদপ্তরের উদ্যোগে গতকাল সোমবার সংসদ ভবন লেকে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিরীন শারমিন বলেন, পুষ্টি চাহিদা পূরণে মত্স্য উত্পাদন বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। সরকার মত্স্যজীবীদের কল্যাণে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। মত্স্য চাষ সম্পর্কে সবাইকে সচেতন করার পাশাপাশি মত্স্য সম্পদের সংরক্ষণ ও উত্পাদন বৃদ্ধিতে মত্স্যসপ্তাহ অবদান রাখছে। এসময় তিনি ‘জাতীয় মত্স্য সপ্তাহ-২০১৯’ উপলক্ষ্যে সংসদ ভবন লেকে পোনা অবমুক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মত্স্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাইদ মো. রাশেদুল হক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, এ বি তাজুল ইসলাম এমপি, এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, কাজী ফিরোজ রশীদ এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি, অপরাজিতা হক এমপি এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রাইসুল আলম মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।