ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, নির্মাণাধীন ভবনগুলোতে অ্যাডিস মশার প্রজনন স্থল অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি। তাই যেসব নির্মাণাধীন ভবনে পানি জমে থাকার ফলে অ্যাডিস মশার লার্ভা পাওয়া যাবে সেসব ভবনের কর্তৃপক্ষের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল সোমবার ঢাকা শিশু হাসপাতালে ভর্তি ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের খোঁজখবর নিতে গিয়ে মেয়র সাংবাদিকদের এসব কথা বলেন।
মেয়র বলেন, নির্মাণাধীন ভবন মালিক এবং কর্তৃপক্ষকে বারবার সতর্ক করা হয়েছে, যাতে কাজ চলার সময় কোনোভাবেই ভবনে পানি না জমে এবং অ্যাডিস মশার লার্ভা বংশ বিস্তার করতে না পারে। আমরা চিহ্নিত করছি যেসব ভবন মালিকরা নগর কর্তৃপক্ষের এ কার্যক্রমে সাড়া দিচ্ছেন না। এমন অবস্থায় নির্মাণাধীন ভবনগুলোতে প্রয়োজনীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণে নগর কর্তৃপক্ষ মোবাইল কোর্ট পরিচালনা করবে। আজ (গতকাল) থেকে এসব মোবাইল কোর্ট চলবে যতদিন পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক না হয়।
সাঈদ খোকন বলেন, আমাদের ৫৭টি ওয়ার্ডের প্রতিটি বাসায় পরিচ্ছন্নতা কর্মী এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা যাচ্ছেন। যে বাসায় অ্যাডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে তা ধ্বংস করে পরিষ্কার করে দিয়ে আসছেন এবং ভবিষ্যতের অ্যাডিস মশার লার্ভা যেন জন্মাতে না পারে সে জন্য বাসিন্দাদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আমাদের টার্গেট আছে ১৫ দিনের মধ্যে ২৫ হাজার বাসা অ্যাডিস মশার লার্ভা মুক্ত করব। আমাদের ৬৮টি মেডিক্যাল টিম পাড়া-মহল্লায় কাজ করছে। ইতিমধ্যে ২৫ হাজারের ঊর্ধ্বে ডেঙ্গু রোগীদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। যাদের অবস্থা বেশি খারাপ তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিনামূল্যে চিকিত্সা দেওয়া হচ্ছে।
মেয়র চিকিত্সকদের সাথে নিয়ে হাসপাতালে চিকিত্সাধীন ডেঙ্গু রোগীদের অবস্থা সরেজমিন পরিদর্শন করেন এবং তাদের স্বাস্থ্য নিয়ে রোগীর স্বজন ও চিকিত্সকদের সাথে কথা বলেন।