গাজীপুর সিটি করপোরেশন

৬ হাজার ১৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা

গাজীপুর সিটি করপোরেশনের ২০১৯-২০ অর্থ বছরের ৬ হাজার ১৩৮ কোটি ৬৫ লাখ ৬৪ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে মেয়র আলহাজ অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম বাজেট ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত নারী আসনের এমপি বেগম শামসুন্নাহার ভুঁইয়া, জেলা জজ ড. মো. আবুল কাশেম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম প্রমুখ।

বাজেটে রাজস্ব সাধারণ তহবিল থেকে পানি সরবরাহ, সরকারি উন্নয়ন ও বৈদেশিক সহায়তাপুষ্টসহ অন্যান্য প্রকল্প থেকে আয় দেখানো হয়েছে। বাজেটে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৭৬২ কোটি ৮২ লাখ ২৪ হাজার টাকা। উদ্বৃত্ত থাকবে ১ হাজার ৩৭৫ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা। বৈদেশিক সহায়তাপুষ্ট বিভিন্ন প্রকল্পে সর্বোচ্চ এবং শিক্ষা ও সংস্কৃতিসংক্রান্ত খাতে সর্বনিম্ন ব্যয় ধরা হয়েছে। এবারের বাজেটে রাস্তাঘাটের উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে।

মেয়র বলেন, প্রতি মাসে নাগরিকদের কাছে জবাবদিহি করার অঙ্গীকার করছি। ড্রেন নির্মাণ, রাস্তা প্রশস্তকরণ ও ফুটপাত উন্নয়নে অধিকতর গুরুত্ব দেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের সড়ক দ্বিগুণ প্রশস্ত এবং কেউ সড়কের জন্য জমি ছাড়লে রাস্তার পাশে সুসজ্জিত করে নামকরণ করা হবে। সবার জন্য বসবাসযোগ্য একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে চাই। সড়ক বা রাস্তায় কোনো দোকানপাট বসতে দেওয়া হবে না। হকারদের জন্য ১০টি হকার মার্কেট করে দেওয়া হবে।

মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দুই কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তিনি বলেন, আমি গাজীপুর সিটি করপোরেশনকে আধুনিক, বাসযোগ্য ও নিরাপদ নগরীতে পরিণত করব।