দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে শিশুসহ চার জনের মৃত্যু এবং পৃথক ঘটনায় সাতজনের লাশ উদ্ধার হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
চিলমারীতে বন্যার পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু
কুড়িগ্রামের চিলমারীতে বন্যার পানিতে ডুবে আরো একজনের মৃত্যু হয়েছে। মৃত ছমিরন বেওয়া উপজেলার পুটিমারী কাজলডাঙ্গা ফকিরেরভিটা এলাকার মেছের উদ্দিনের বিধবা স্ত্রী। শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে পানি পেরিয়ে পাউবো বাঁধে এলে স্রোতের তোড়ে ভেসে যান তিনি। রবিবার তার লাশ ভেসে ওঠে।
পাঁচবিবিতে নদীতে ডুবে শিশুর মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ীর শিমুলতলী এলাকায় সোমবার সকালে নদীতে ডুবে সাড়ে তিন বছরের শিশু তাসফিয়ার মৃত্যু হয়। সে এলাকার শহিদুল ইসলামের মেয়ে। তাসফিয়া খেলাধুলার সময় বাড়ির পার্শ্বে ছোটো যমুনা নদীতে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে নদীতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। স্থানীয় বালিঘাটা ইউপি সদস্য বাদশা মিয়া ঘটনাটি নিশ্চিত করেছেন।
নকলায় গৃহবধূর মৃত্যু
নকলা-চন্দ্রকোনা সড়কে রবিবার বিকেলে অটোরিকশার চাকার সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। মৃত শিরিনা আক্তার বন্দটেকি গ্রামের শহীদ মিয়ার স্ত্রী। স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জে দুই জনের লাশ উদ্ধার
হবিগঞ্জ সদর উপজেলার গোপালপুরের কাছে খোয়াই নদী থেকে অজ্ঞাত পুরুষের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে, লাশটি খোয়াই নদীর উজান থেকে ভেসে এসেছে।
এছাড়া একই দিন চুনারুঘাট উপজেলার চিমটিবিল খাসপাড়া এলাকা থেকে গিয়াস উদ্দিন নামক এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গিয়াস উদ্দিন উপজেলার গোছাপাড়া গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে। চিমটিবিল বিজিবি ক্যাম্পের পাশে একটি পরিত্যক্ত পুকুরে ভাসমান লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে গিয়াস উদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
সেনবাগে পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু
নোয়াখালীর সেনবাগে রবিবার বিকেল ও সন্ধ্যায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের শরিয়ত উল্যার স্ত্রী হাসিনা আক্তার নিজঘরে বিদ্যুস্পৃষ্ট হয়ে এবং উপজেলার কাবিলপুর ইউনিয়নের সায়েস্তানগর গ্রামের মো. রুবেলের শিশুপুত্র আবদুর রহিম (৫) বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে ডুবে মারা গেছে।
ছাতকে এক ব্যক্তির লাশ উদ্ধার
সুনামগঞ্জের ছাতকে ইছামতি নদীর তীর থেকে আবুল কালাম বুলবুল ওরফে বুলু নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের ইছামতি নদীর তীর সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। আবুল কালাম বুলবুল দোয়ারা উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে।
লোহাগাড়ায় ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বড়গাতিয়া ইউনিয়নের শীলপাড়া থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ঘরের বীমের সঙ্গে রশিতে ঝুলে ছিলেন তিনি। সোমবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত দিলীপ শীল ঐ এলাকার মৃত নুপুর শীলের ছেলে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে চুনতি পুলিশ ফাঁড়ির এসআই পীযুষ চন্দ্র সিংহ সাংবাদিকদের জানিয়েছেন।
সুজানগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পাবনার সুজানগরের বন্যাকবলিত শারীরভিটা গ্রামে সোমবার পানিতে ডুবে রাজীব হাসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের রমজান আলীর ছেলে। দুপুর ১টার দিকে শিশু রাজীব বাড়িসংলগ্ন একটি ডোবায় গোসল করতে নেমে সাঁতার না জানায় ডুবে যায়। পরে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পঞ্চগড়ে বজ্রপাতে কৃষক নিহত
পঞ্চগড় সদর উপজেলায় বজ্রপাতে কামরুল ইসলাম নামে এক কৃষক নিহত হয়েছে। এসময় মো. মুসা ও মো. ইসা নামের দুই জন কৃষি শ্রমিক আহত হয়। সোমবার সদর উপজেলার মাগুরা ইউনিয়নের বাঁশবাড়ি-প্রধানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলামের বাড়ি জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের গোয়ালপাড়া-জুগিকাটা গ্রামে।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।