ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের দ্বন্দ্ব নিরসনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উভয়পক্ষ জমা দিয়েছে ঘরে রাখা ঢাল সড়কি, রামদা। ঝিনাইদহ সদর থানা পুলিশের আয়োজনে রবিবার বিকালে জেসি মাধ্যমিক বিদ্যাপীঠ মাঠে এ সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মকবুল হোসেন, সদর থানার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিদ্দিকুর রহমান। পুলিশ সুপার হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের পর থেকে যদি কেউ মারামারি করেন বা মারামারিতে লিপ্ত হন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনোভাবেই মারামারি, বাড়িঘর ভাঙচুর সহ্য করা হবে না।
সমাবেশে ঊভয়পক্ষ অঙ্গীকার করে তারা আর মারামারি, সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরে জড়িত হবে না। তারা বেশ কিছু ঢাল সড়কি ও রামদা পুলিশের কাছে জমা দেয়।
উল্লেখ্য, এ ইউনিয়নে এ পর্যন্ত সাবেক ও বর্তমান চেয়ারম্যানের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় ৬৩টি মামলা হয়েছে বলে পুলিশ জানায়। এ ছাড়াও বিপুল সংখ্যক জিডি হয়েছে।