খুলনায় হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন

খুলনায় হাফেজ ফরহাদুজ্জামান হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন। মামলার অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলো—ডুমুরিয়া উপজেলার মৌলভীপাড়া গ্রামের পীর আলী তফাদারের ছেলে শহীদ তফাদার, আমিন সরদার ও তার ভাই আজিজুল সরদার এবং সাত্তার সরদারের ছেলে সোলায়মান সরদার। 

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এম ইলিয়াস খান জানান, মসজিদের বালু চুরির প্রতিবাদ করায় ২০১৫ সালের ৫ জুন জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে হাফেজ ফরহাদুজ্জামানকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই ফারুক হোসেন বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।