বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এক সময় একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এই দুই ক্রিকেটার। তবে সময় গড়ানোর সঙ্গে তাদের সেই সম্পর্কে ধরে ফাটল। এই দুই ক্রিকেটারের দ্বন্দ্ব ছিল প্রকাশ্য। সেই দ্বন্দ্ব এখনো মেটেনি। তবে দুজনেই একে অপরের প্রতি সম্মান রেখে চলে বলে জানিয়েছেন তামিম।
দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব বিভ্রান্তিকর জিনিস দেখা যায়, তা ‘নোংরামি’। বাস্তবে সাকিব ও তামিম একে অপরের প্রতি সম্মান রেখেই চলেন। খেলোয়াড় সাকিব আমার কাছে অনেক বড়। অন্য কোনো মতামত দেওয়ারও প্রয়োজন নেই, নেওয়ারও দরকার নেই।’
বিদেশে বা সাধারণ যেকোনো জায়গায় যদি দুজনের দেখা হয়, তখন কী হবে? এমন প্রশ্নে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি জিজ্ঞেস করবো, তুমি কেমন আছ? পরিবার কেমন আছে। আমি নিশ্চিত, সেও জিজ্ঞেস করবে আমি কেমন আছি। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না। এটা সম্ভব না।’
কিছু দিন আগে এক সাক্ষাৎকারে সাকিবকে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ উল্লেখ করেছিলেন তামিম। তিনি বলেছিলেন, ‘সাকিবের সঙ্গে আমার সম্পর্ক সবসময়ই ইতিবাচক ছিল। অনেকেই বলে আমরা দুজন তারকা, তাই দ্বন্দ্ব হয়েছে। আমি সেটা মনে করি না। এটা তো তখনই হতো যদি আমি নিজেকে সেরা দাবি করতাম। বরং আমি তো বলছি, সাকিবই বাংলাদেশের সেরা।’