ইরান-ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার আশা করে না জার্মানি। সেইসঙ্গে এই সংঘাতের কূটনৈতিক সমাধানের জন্য ইউরোপীয় অংশীদারদের সাথে কাজ করছে দেশটি। সোমবার (১৬ জুন) জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল এ কথা বলেছেন।
পাবলিক ব্রডকাস্টার 'ডয়চল্যান্ডফাঙ্ক' রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েডফুল বলেন, যুক্তরাষ্ট্র শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছিল যে, তারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে না। এটি ছিল তার সহকর্মী মার্কো রুবিওর প্রথম বিবৃতি।
ইরানের বিরুদ্ধে আক্রমণে যোগদানের জন্য ইসরায়েলি সরকারের সাম্প্রতিক অনুরোধ সম্পর্কে জানতে চাইলে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, এই সিদ্ধান্ত কেবল ট্রাম্প প্রশাসনের, নেতানিয়াহু সরকারের নয়।
তিনি বলেন, সমস্ত ঘোষণা এবং পদক্ষেপে যুক্তরাষ্ট্রের অবস্থান খুবই স্পষ্ট। আমার কাছে এমন কোনো ইঙ্গিত নেই যে, এতে অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের কোনো আগ্রহ আছে। যাইহোক, অন্য কারও (ইচ্ছে) নেই।
ওয়াদেফুল বার্লিনের অবস্থান সম্পর্কে আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেবল ইসরায়েল এবং এই অঞ্চলের জন্যই নয়, বরং ইউরোপের জন্যও হুমকি। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি সংঘাতের কূটনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
তিনি উল্লেখ করেন, যদি ইরান এই ধরনের লক্ষ্য এবং অস্ত্র ত্যাগ করতে আন্তরিকভাবে প্রস্তুত থাকে, তাহলে একটি চুক্তিতে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে।