প্রিয়া সাহার বক্তব্যের আড়ালে চক্রান্ত রয়েছে কি না দেখতে হবে :নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি সাম্প্রতিক সময়ে আলোচিত প্রিয়া সাহার বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তার বক্তব্যকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। ছোটো ছোটো ঘটনাই এক সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এ জন্য সর্বদা সজাগ থাকতে হবে। প্রিয়া সাহার এই বক্তব্যের আড়ালে কোনো চক্রান্ত জড়িত কিনা তা খতিয়ে দেখার জন্য তিনি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।

গতকাল সোমবার বন্যাদুর্গত সিরাজগঞ্জের কাজিপুরে বানভাসি মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। কাজিপুরের শুভগাছায় বিকালে পাঁচশ’রও বেশি বানভাসি মানুষের মধ্যে নগদ টাকা ও  ত্রাণ সামগ্রী বিতরণ কালে মোহাম্মদ নাসিম এমপি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে আরো বলেছেন- প্রাকৃতিক যে কোনো দুর্যোগ মোকাবিলায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা জনগণের পাশে আছে এবং থাকবে।  এ সময় তার সঙ্গে ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দীকী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন, শুভগাছা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান খোকা প্রমুখ।