শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলায় অভিযুক্ত পাঁচ আসামির মধ্যে তিন জন আদালতে গরহাজির থাকায় গতকাল সোমবারও (২২ জুলাই) সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি। স্পেশাল ট্রাইব্যুনাল আদালত নং-নম্বর এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের অনুপস্থিতির কারণে আগামী ২২ আগস্ট সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী দিন ধার্য করেন।
কাঠগড়ায় উপস্থিত আসামিরা হলেন— জাহিদুল হক তামিম ও আনোয়ার হোসেন। চার্জশিটভুক্ত অনুপস্থিত আসামিরা হলেন— জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী ওরফে সুভাষ ওরফে জাহিদ, মিজানুর রহমান ওরফে বড় মিজান এবং মো. আব্দুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ ওরফে মুসাফির ওরফে জয় ওরফে নূরুল্লাহ।
কিশোরগঞ্জ জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহ আজিজুল হক জানান, প্রতিটি ধার্য তারিখে জেলখানায় আসামিদের হাজির করার জন্য হাজিরা পরোয়ানা (পিউব্লিউ) প্রেরণ করা হয়। একমাত্র জাহিদুল হক তামিম ব্যতীত অন্য আসামিরা হলি আর্টিজানসহ বিভিন্ন স্থানে জঙ্গি হামলা মামলায় বিভিন্ন কারাগারে আটক রয়েছেন। নিরাপত্তাজনিত কারণ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে আদালতে হাজির করতে হয় বিধায় ধার্য তারিখে কিশোরগঞ্জ কোর্টে সব আসামিদের একসঙ্গে হাজির করা সম্ভব হচ্ছে না। ফলে সাক্ষ্যগ্রহণ বিলম্বিত হচ্ছে বলে পিপি জানান। ইতিপূর্বে সাক্ষ্যগ্রহণের জন্য আরো ছয়টি তারিখ ধার্য ছিল।