সাাতক্ষীরার তালায় বাড়ি থেকে বের হবার রাস্তা নির্মাণের সময় প্রতিপক্ষের হামলায় খালেক সরদার (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার মুড়াগাছা গ্রামের আবু সাঈদ সরদারের ছেলে। হামলায় জখম হয়েছেন ২ জন। গতকাল সোমবার সকাল ৮টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নিহতের ভাই রায়হান জানান, ১২ শতাংশ জমি নিয়ে একই এলাকার জনাব আলীর ছেলে রহমত সরদার গংদের সঙ্গে তাদের দীর্ঘদিন যাবত্ বিরোধ চলে আসছে। সোমবার সকালে খালেক সরদার তাদের ৪ শতাংশ জমির ওপর দিয়ে বাড়ি থেকে বের হবার রাস্তা নির্মাণ করছিলেন। এ সময় রহমত সরদার, তার স্ত্রী হালিমা বেগম, বোন শরবানু ও নূরী বেগম তার ওপর হামলা চালায়। তারা বাঁশের লাঠি ও শাবল দিয়ে খালেক ও তার সঙ্গে থাকা কয়েক জনকে বেধড়ক পেটায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা খালেক সরদার, আব্দুর রাজ্জাক সরদার ও আনার চৌকিদারকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খালেক সরদারের অবস্থার অবনতি হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ১১টার দিকে তিনি মারা যান। তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।