গণপিটুনি বিএনপি জামায়াতের ষড়যন্ত্র :আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সম্প্রতি দেখা যাচ্ছে কোনো একটা ঘটনা ঘটলে তারপর কিছুদিন ঐ ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। যেমন পুরান ঢাকায় অগ্নিকাণ্ডের পরবর্তী  কিছুদিনের  মধ্যে পরপর কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আবার পরপর কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটল। এখন আবার গণপিটুনি দিয়ে সাধারণ মানুষকে মেরে ফেলার ঘটনা ঘটছে। তিনি বলেন, এগুলো নিছক দুর্ঘটনা নয়। এগুলো আসলে বিএনপি-জামায়াত-শিবিরের নিখুঁত ষড়যন্ত্র। তাই এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। গতকাল সোমবার নেত্রকোনায়    জেলা আইনজীবী সমিতির পাঁচ তলাবিশিষ্ট নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পর দীর্ঘ সময় দেশে আইনের শাসন ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, আইনের শাসন একদিনে প্রতিষ্ঠা হয় না। যে দেশকে (যুক্তরাজ্য) আইনের শাসনের উদাহরণ হিসেবে মনে করা হয়, সেখানেও আইনের শাসন প্রতিষ্ঠা করতে ২০০ বছর সময় লেগেছে।

আইনমন্ত্রী বলেন, সংসদের আগামী অধিবেশনে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে যুগ্ম জেলা জজের পাশাপাশি সহকারী জজ ও সিনিয়র সহকারী জজকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মামলা পরিচালনার এখতিয়ার দেওয়া হবে।

সমিতির সভাপতি অ্যাডভোকেট সিতাংশু বিকাশ আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে অসীম কুমার উকিল এমপি, হাবিবা রহমান খান শেফালী এমপি প্রমুখ বক্তৃতা করেন। এর পর নেত্রকোনা জেলা জজ আদালতে সেখানকার বিচারকদের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী।