খুলনায় অভিনব পন্থায় পাকস্থলীতে বহনকৃত অবস্থায় সাত হাজার ১৫০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—শাহজাহান জোমাদ্দার (৩৫) ও মো. তাজুল মিনা (২০)। গত রবিবার রাতে রূপসা ব্রিজের পশ্চিম প্রান্তে ঢালের পাশ থেকে খুলনাগামী সেতু ডিলাক্স পরিবহনে অভিযান পরিচালনা করে লবণচরা থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন দুই জনকে আটক করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা থানা পুলিশের একটি বিশেষ টিম সেতু ডিলাক্স পরিবহনে অভিযান পরিচালনা করে শাহজাহান জোমাদ্দার ও মো. তাজুল মিনাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা তাদের পেটের ভিতর ৭২টি করে টেপে জড়ানো ক্যাপসুল (যার প্রতিটির ভিতরে ৫০ পিস করে ইয়াবা) আছে বলে স্বীকার করে। পরবর্তীতে তাদেরকে লবণচরা থানায় এনে বিশেষ পদ্ধতিতে মল ত্যাগ করালে ১৪৩টি ক্যাপসুল বের হয়। যার মধ্যে সাত হাজার ১৫০ পিস ইয়াবা ছিল।
তাদের বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।