নিরাপত্তা সহযোগিতায় বাংলাদেশের প্রশংসা করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ভি মুরালিধরণ পার্লামেন্টে এক লিখিত বক্তব্যে বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে নিরাপত্তার ক্ষেত্রে খুবই ভাল সহযোগিতাপূর্ণ সম্পর্ক রয়েছে। বিশেষ করে বাংলাদেশের মাটিতে ভারতবিরোধী কার্যক্রম দমনে এবং ভারতীয় বন্দিদের ফেরত দেওয়ার ক্ষেত্রে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এক্ষেত্রে ২০১৫ সালের নভেম্বরে উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে বাংলাদেশের হস্তান্তর একটি তাত্পর্য্যপূর্ণ ঘটনা। এছাড়া নিরাপত্তা, অপরাধ দমন, চরমপন্থা, মাদক, জাল নোট রোধে সহযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান দুই দেশের মধ্যে, জানিয়েছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ে নিয়মিত বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি জানান।