বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্যকে স্মরণ করে অনুষ্ঠানের আয়োজন করেছিল ঋষিজ শিল্পীগোষ্ঠী। আপন সৃষ্টির আলোয় তারা হয়ে আছেন বাঙালির অসাম্প্র্রদায়িক ও সাম্যবাদের চেতনার ধারক। বাংলা সাহিত্যের অমর এই সাহিত্যিক ত্রয়ীকে একইসঙ্গে স্মরণ করল সাংস্কৃতিক সংগঠন ঋষিজ শিল্পীগোষ্ঠী। গতকাল সোমবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে সম্মাননা জানানো হয়েছে অধ্যাপক আফসার আহমদ, নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা ও রোকাইয়া হাসিনা নেলীকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিত্ ঘোষ। সভাপতিত্ব করেন ঋষিজ শিল্পীগোষ্ঠীর সভাপতি ফকির আলমগীর। বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্র সংগীত শিল্পী তপন মাহমুদ।
আয়োজনের শুরুতেই ঋষিজের শিল্পীরা গেয়ে শোনান ‘হিমালয় থেকে সুন্দরবন’, ‘তোরা সব জয়ধ্বনি কর’ ও ‘আগুন জ্বালো’ গানগুলো। এর পর আলোচনা পর্বে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক দেশ পেয়েছি এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশের পথে যাত্রা শুরু করেছি। জয় আমাদের নিশ্চিত। বিশ্বজিত্ ঘোষ বলেন, আমরা পেছনের দিকে যাত্রা করছি। ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে মানুষকে মারা হচ্ছে, পদ্মা সেতুর জন্য মানুষের মাথা লাগার মতো গুঞ্জন সৃষ্টি হয়েছে।
আলোচনা ও সম্মাননা পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দলীয় সংগীত পরিবেশন করেন আলতাফ মাহমুদ সংগীত বিদ্যানিকেতন, আনন্দন, সমস্বর ও পঞ্চভাস্বরের শিল্পীরা। আবৃত্তি পরিবেশন করেন ইকবাল খোরশেদ, রফিকুল ইসলাম, ফয়জুল আলম পাপ্্পু ও অনন্যা লাবণী পুতুল। একক কণ্ঠে সংগীত পরিবেশন করেন তপন মাহমুদ, ফকির আলমগীর, ফাহিম হোসেন চৌধুরী, সমর বড়ুয়া ও বিমান চন্দ্র বিশ্বাস।