সেরা তরুণ খেলোয়াড় এমবাপে

 ‘ফ্রান্স ফুটবল’ এর সেরা অনূর্ধ্ব ২১ ফুটবলারের পুরস্কার ‘ট্রফি কোপা’ জিতলেন প্যারিস সেইন্ট জার্মেইঁ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। ফরাসি সংবাদ মাধ্যমটির প্রথমবারের মতো চালু করা এই পুরস্কার লিভারপুলের ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, বরুসিয়া ডর্টমুন্ডের ক্রিশ্চিয়ান পুলিসিচ এবং রোমার জাস্টিন ক্লুইভার্টকে হারিয়ে জেতেন এই ফরাসি খেলোয়াড়। 

ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি পিএসজির হয়ে ঘরোয়া ফুটবলে লিগ ওয়ান এবং ফ্রেঞ্চ কাপ শিরোপাও জিতেছেন এমবাপে। ব্যক্তিগত অর্জনের খাতায় আগেই ছিল বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। এর সাথে এবার যুক্ত হলো কোপা পুরস্কার।

এমন অর্জনের প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত এমবাপে বলেন,‘এই পুরস্কারটি জিততে পেরে আমি খুবই খুশি। এটা আমার জন্য অসাধারণ একটি বছর। ক্লাব এবং জাতীয় দলের সকল সতীর্থদের ধন্যবাদ জানাচ্ছি আমি।’

বিশ্বকাপে তাকে সাহায্য করার জন্য সতীর্থদের আবারও ধন্যবাদ জানান এমবাপে। তিনি বলেন,‘বিশ্বকাপের রোমাঞ্চ আমি কখনোই ভুলতে পারবো না। এটা তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য ভালো সময়। এবং কাজ করে যাওয়ার জন্য এটা আমাকে আরও অনুপ্রাণিত করবে।’

ফরাসি ফরোয়ার্ড জানান সকল শিরোপায় ছাপ রাখাই তার পরবর্তী লক্ষ্য। যা অর্জনে কঠোর পরিশ্রমের পাশাপাশি সতীর্থদের সাহায্যও প্রয়োজন বলে মনে করেন এমবাপে। বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় বলেন,‘আমার পরবর্তী লক্ষ্য? সবকিছু অর্জন করা (শুধু ব্যালন ডি’অরই নয়)। কঠোর পরিশ্রমের মাধ্যমেই সেটা অর্জন করতে হবে আমাকে। এবং এর জন্য সতীর্থদের সাহায্য প্রয়োজন আমার।’