আমেরিকাভিত্তিক ক্রেতাদের কারখানা পরিদর্শন জোট অ্যালায়েন্স বাংলাদেশের শতাধিক গার্মেন্টস কারখানার সঙ্গে ব্যাবসায়িক সম্পর্ক ছিন্ন করেছিল। তবে ব্যবসা বাতিলের ঐ প্রক্রিয়া অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের রায়ে কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ও সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে বসে ব্যবসা বাতিল করার প্রক্রিয়া বা এস্কেলেশন প্রটোকল ঠিক করতে বলা হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই রায় দেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, সংবিধানের মৌলিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকের প্রতিষ্ঠিত কোম্পানি দেশের নাগরিক হিসাবে গণ্য হবে।
বিএইচ আই এস অ্যাপারেল নামে একটি কারখানার রিটের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন। রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম। রায়ের পর তিনি ইত্তেফাককে বলেন, বাংলাদেশের গার্মেন্টসগুলোর সঙ্গে যে প্রক্রিয়ায় ব্যবসা বাতিল করেছে অ্যালায়েন্স, আদালত তা অবৈধ বলে রায় দিয়েছেন। অ্যালায়েন্স কোনো ধরনের নিয়মের তোয়াক্কা না করে এ সিদ্ধান্ত নিয়েছিল। এখন সরকার ও মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে।