শান্তি ও মানবিকতা রক্ষার জন্য চলচ্চিত্র :তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জঙ্গিবাদ-উগ্রবাদ নিরসন এবং শান্তি ও মানবিকতা সংরক্ষণে চলচ্চিত্র অনবদ্য ভূমিকা রাখতে পারে। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে শান্তির অন্বেষায় চলচ্চিত্র নিয়ে ফিল্মস ফর পিস ফাউন্ডেশন আয়োজিত দুই দিনব্যাপী ‘পিস ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আর সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপ্তির এই যুগেও মানবিকতার বিকাশ ঘটাতে এবং সমাজকে শান্তির পথে এগিয়ে নিতে চলচ্চিত্রের বিকল্প নেই। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রটিয়ে দেওয়া পদ্মা সেতুতে বলিদানের গুজব আর সেই থেকে ছেলেধরা আতঙ্ক ও অসহিষ্ণু মানুষের পিটুনিতে নির্দোষ প্রাণের মৃত্যু—এসব রুখতে প্রয়োজন সহিষ্ণুতা আর শান্তির পক্ষে সচেতনতা।

মন্ত্রী বলেন, ‘গত কয়েক বছরে তথ্যপ্রবাহের ক্যানভাস আমূল বদলে গেছে। আগে মানুষ তার মতামত-অভিযোগ জানাতে পত্রিকার আশ্রয় নিতে হতো, আর এখন কেউ চাইলেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে লাখ লাখ মানুষের কাছে তার কথা পৌঁছাতে পারে। মানবিকতাবোধ আর শান্তি রক্ষার শপথে বলীয়ান থাকলেই কেবল অশান্তি-হানাহানি এড়ানো সম্ভব।’

আয়োজক সংগঠনের পরিচালক রোকেয়া প্রাচীর সভাপতিত্বে মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক শাহীন আনাম, অধ্যাপক সি আর আবরার, চলচ্চিত্র নির্মাতা কাওসার আহমেদ চৌধুরী ও সংগঠনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী অনুষ্ঠানে শান্তির পক্ষে চলচ্চিত্রের ভূমিকা বিষয়ে বক্তব্য রাখেন।