রাসিক মেয়রের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনুষ্ঠিত

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে নগর ভবনে মেয়রের দপ্তরকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পদ্মা নদী ড্রেজিং করে নদীর নাব্যতা ফিরিয়ে এনে নৌরুট চালু, ট্রেন ও বিমানযোগাযোগ চালু, পারস্পরিক শিক্ষা বিনিময় এবং রেশমশিল্পের উন্নয়নে ভারতীয় হাইকমিশনার সহযোগিতার আশ্বাস দেন বলে প্রেস ব্রিফিংয়ে জানান মেয়র লিটন।

এর আগে ভারতীয় হাইকমিশনারকে বর্ণিল আয়োজনে স্বাগত জানানো হয়। বৈঠক শেষে নগর ভবনের ‘বঙ্গবন্ধু কর্ণার’ পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার। পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন। এর আগে মেয়র লিটন ভারতীয় হাইকমিশনারকে সৌজন্য উপহার দেন। ভারতীয় হাইকমিশনারও মেয়রকে উপহার দেন। বৈঠকে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি, সেকেন্ড সেক্রেটারি (ভিসা অ্যান্ড কনসুলার) শ্রী বিশাল জ্যোতি দাস, জেএসএ প্রশাসন মনিশ কুমার ত্রিপাঠি, রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-৩ তাহেরা বেগম মিলি, সচিব রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। 

রাবি বরেন্দ্র জাদুঘর পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

এদিকে গতকাল দুপুরে হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘর (ভিআরএম) পরিদর্শন করেন। হাইকমিশনার জাদুঘরে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান তাকে স্বাগত জানান। এসময় উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, রেজিস্ট্রার প্রফেসর এম এ বারী, বরেন্দ্র জাদুঘরের পরিচালক প্রফেসর এ আর এম আব্দুল মজিদ, রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব ভাটি প্রমুখ উপস্থিত ছিলেন। হাইকমিশনার বরেন্দ্র গবেষণা জাদুঘরকে আরও সমৃদ্ধ করা এবং দুই দেশের মধ্যে শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে আদান-প্রদান বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

সারদা পুলিশ একাডেমিতে ভারতীয় হাইকমিশনার

অন্যদিকে ভারতীয় হাইকমিশনার সোমবার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি এবং ভারত সরকারের অর্থায়নে নির্মিত বাংলাদেশ-ভারত মৈত্রী ভবন পরিদর্শন করেন। ভবনটির মধ্যে একাডেমির সাইবার অপরাধ ও তথ্যপ্রযুক্তিগত প্রশিক্ষণ সুবিধা রয়েছে। ২০১৮ সালের জুলাই মাসে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভবনটি উদ্বোধন করেন। এসময় পুলিশ একাডেমির অধ্যক্ষ মো. নাজিবুর রহমান হাইকমিশনারকে স্বাগত জানান। একাডেমি বিষয়ে উপস্থাপনার পর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি একাডেমির প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তব্যে তাদের বাংলাদেশের আইনশৃঙ্খলার ভবিষ্যত্ রক্ষাকারী হিসেবে অভিহিত করেন এবং তাদের মানবিক বোধ না হারিয়ে পেশাদারিত্বের সঙ্গে জনসাধারণের সেবায় অনুপ্রাণিত করেন।

ভারতীয় হাইকমিশনারের পুঠিয়া পরিদর্শন

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা জানান, ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ সোমবার সকালে পুঠিয়া পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পুঠিয়ার বড়ো শিবমন্দির ও গোবিন্দমন্দিরে পূজা দেন। তার সফরসঙ্গী ছিলেন সঞ্জীব কুমার ভাটি।

এসময় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জামান, ট্রাস্টি ও বাগমারা উপজেলার চেয়ারম্যান অনিল কুমার সরকার, পুঠিয়া হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতির সহসভাপতি চঞ্চল কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক পল্লব কুমার সেনগুপ্ত, সদস্য লিটন দাসসহ পরিষদের সদস্যবৃন্দ।