‘জাদুকরী’ কিছুর সন্ধানে মরিনহো

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো বলেছেন তার দল যদি ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থেকে খেলা শেষ করে তবে এটা হবে ‘জাদুকরী’। আজ বুধবার লিগের খেলায় আর্সেনালকে আতিথ্য দেয়ার আগে তিনি এ কথা বলেন।

ম্যান ইউ এ খেলাটির আগে বর্তমানে ১৪ খেলা শেষে ২২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে। সমান খেলা শেষে ৩০ পয়েন্ট পেয়ে আর্সেনাল আছে চতুর্থ স্থানে।

মরিনহোর দল লিগে সর্বশেষ জিতেছে ৩ নভেম্বর। পর্তুগীজ এই কোচ অবশ্য ২৪ নভেম্বর ক্রিস্টাল প্যালেসের সাথে গোলশূন্য ড্রয়ের আগে বলেছিলেন ইউনাইটেড ডিসেম্বরের শেষ নাগাদ শেষ চারে উঠে আসতে পারে। এরই মধ্যে ব্রাজিলের এক টেলিভিশনকে তিনি বলেছেন ক্লাবের লক্ষ্য হলো, ‘যত বেশি সম্ভব পয়েন্ট জেতা এবং জাদুকরী হলেও চারের মধ্যে থাকার চেষ্টা চালানো।’

ম্যান ইউ’র ভেতরের পরিস্থিতিও ভালো না। ইংল্যান্ডের গণমাধ্যমে এমন খবরও বেরিয়েছে যে মরিনহো মিডফিল্ডার পল পগবার সমালোচনা করেছেন। পর্তুগীজ কোচ ফরাসি এই খেলোয়াড়কে অভিহিত করেছেন দলের মধ্যে ‘ভাইরাস’ হিসেবে। এ থেকে ধারণা করা যায় ম্যান ইউ’র সাজঘরে সুখি পরিবেশ নেই। পরিস্থিতি যে ভালো নয় তা বোঝা যায় দলটির ফরোয়ার্ড হুয়ান মাতা তার সোমবারের ইন্টারনেট কলাম প্রকাশ করতে রাজী হননি। এর পরিবর্তে সংক্ষিপ্ত বার্তায় তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমি মনে করি এটা কলাম প্রকাশের সময় নয়।’

চলতি মৌসুমে এমনিতেই মরিনহোর দলকে ওল্ড ট্র্যাফোর্ডে নিজেদের মাঠে অধিকাংশ সময়েই স্বরূপে দেখা যায়নি। শেষ দুটিতে তারা ক্রিস্টাল প্যালেসের সাথে ড্র করে এবং চ্যাম্পিয়ন্স লিগের বিপক্ষ সুইজারল্যান্ডের ওল্ড বয়েজের বিরুদ্ধে কোনো রকমে জয়ী হয়।

অবশ্য বিপক্ষের মাঠে তাদের খেলা অতটা খারাপ ছিল না। কখনো কখনো মনে হয়েছে ম্যান ইউ বোধ হয় ফর্মে ফিরতে শুরু করেছে। চেলসির মাঠে ড্র ও জুভেন্তাসের মাঠে জয় তারই প্রমাণ। কিন্তু সর্বশেষ লিগের খেলায় সাউদাম্পটনের সাথে দুই গোলে পিছিয়ে পড়ে পরে ড্রয়ে মান বাঁচায় মরিনহোর দল। পরিস্থিতির ভয়াবহতা বোঝা যায় যখন রোমেলো লুকাকু ১৫ সেপ্টেম্বরের পর ক্লাবটির হয়ে প্রথম গোলের দেখা পান সেদিন।

এরকম পরিস্থিতির মধ্যে ম্যান ইউ খেলতে নামবে আর্সেনালের বিরুদ্ধে। যে দলটি কিনা ১৯ খেলায় অপরাজিত আছে। তার চেয়েও বড় কথা দলটি আগ্রাসি ও বিপক্ষকে চাপে রাখার কৌশল নিয়ে খেলে চলেছে। কোচ মাউরিজিও সারির দল লিগে সর্বশেষ খেলাতেও টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-২ গোলে জিতেছে। এতটাই বিক্রম তাদের।