ভারতের বিহার ও আসামের বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। বন্যায় ইতিমধ্যে দুই রাজ্যজুড়ে প্রাণ হারিয়েছেন ১৭০ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার বিহারের মুজাফ্ফরপুরে আরও দুজনের মৃত্যু হয়েছে। যার জেরে বিহারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০৪ জন।
অন্যদিকে আসামে আরও দুজনের মৃত্যু হয়েছে বলে খবর। যার জেরে আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয় ৬৬ জন।
এছাড়া আসামের বন্যার জেরে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে ১৬টি গন্ডারসহ মোট ১৮৭টি প্রাণী মারা গেছে বলে বনদফতরের পক্ষ থেকে খবরে বলা হয়েছে।
দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দুই রাজ্যে ঘরছাড়া প্রায় ১ কোটি ৭ লক্ষ মানুষ। এরমধ্যে বিহারে ঘরছাড়া প্রায় ৭৬ লক্ষ ৮৫ হাজার এবং অন্যদিকে আসামে প্রায় ৩০ লক্ষ ৫৫ হাজার।
দুই রাজ্য জুড়ে এখন পর্যন্ত প্রায় ৯৬ লক্ষ ৮৯০ জন বন্যাদূর্গত মানুষ ঠাঁই নিয়েছেন মোট ৭৫৭টি ত্রাণ শিবিরে। দুই রাজ্যজুড়ে বন্যায় তলিয়ে গেছে মোট ২ হাজার ২৮৩টি গ্রাম। ভেসে গেছে প্রায় ১ কোটি ১৪ লক্ষ হেক্টর জমির ফসল।
খবরে বলা হয়েছে, নেপাল ও তরাই অঞ্চলে অবিরাম বর্ষণের কারণেই বিহারের বন্যাপরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে।
আরও পড়ুন: ইরানের সঙ্গে সমঝোতা কঠিন হয়ে পড়েছে: ট্রাম্প
বিহারের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী লক্ষ্মীশ্বর রাই জানান, ত্রাণ ও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। বন্যাদুর্গতদের উদ্ধারে হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। তথ্য সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ফার্স্ট পোস্ট।
ইত্তেফাক/এসআর