বিজেএমসির বিদায়

আরামবাগ ও সাইফ স্পোর্টিং কোয়ার্টার ফাইনালে

বর্তমান চ্যাম্পিয়ন আরামবাগ স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার একমাত্র খেলায় ক্লাবটি ২-১ গোলে টিম বিজেএমসিকে হারিয়ে শেষ আটে খেলা নিশ্চিত করে। অপর দিকে, তিন দলের গ্রুপে নিজেদের দুই খেলাতেই হেরে বাদ পড়ে টিম বিজেএমসি।

আরামবাগের এ জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবেরও। দলটি এর আগে ১-০ গোলে হারায় বিজেএমসিকে। এখন আরামবাগ ও সাইফ স্পোর্টিংয়ের খেলায় ঠিক হবে কোন দল ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

শিরোপাধারীরা কাল খেলার তৃতীয় মিনিটেই ব্যবধান গড়ে নেয়। অধিনায়ক রবিউল ২৫ গজ দূর থেকে দর্শনীয় ফ্রি-কিকে গোলটি করেন। ৩৭ মিনিটেই সমতা ফেরায় বিজেএমসি। নাইজেরিয়ান ফরোয়ার্ড স্যামসাং ইলিয়াসু প্লেসিং শটে গোল করেন। এরপর বিরতির আগে যোগ হওয়া সময়ে আরামবাগকে আবারো এগিয়ে দেন আরিফুল।

বক্সের মধ্যে সতীর্থের সাথে বল দেয়া নেয়া করে ভেতরেই ঢুকেই বিজেএমসির গোলরক্ষক সোহাগকে বোকা বানিয়ে গোলটি করেন তিনি। এই আরিফুলই প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকা অবস্থায় গোলরক্ষককে একা পেয়ে বল জালে পাঠাতে পারেনি। গোলটি পেলে জয়ের ব্যবধান আরো বড় হতো আরামবাগের।

আবার বিজেএমসিও খেলার শেষদিকে গোলের সুযোগ পেয়েছিল। তখন দলটি খেলায় পিছিয়ে। কিন্তু মিডফিল্ডার অং মারমার শট পোস্টের উপর ঘেঁষে চলে যাওয়ায় হার এড়াতে পারেনি বিজেএমসি। 

আজকের খেলা: ওয়ালটন স্বাধীনতা কাপ

মুক্তিযোদ্ধা:ব্রাদার্স ইউনিয়ন ( বিকেল ৩টা)

শেখ রাসেল:বসুন্ধরা কিংস ( বিকেল সোয়া ৫টা), বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।