বড়লেখা সীমান্তে ১২ রোহিঙ্গাসহ ১৬ জনকে ‘পুশইন’ করেছে বিএসএফ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সীমান্ত এলাকা দিয়ে রোহিঙ্গাসহ ১৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২৩ জুন) ভোরে উপজেলার লাতু সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। পরে বিজিবির টহল দলের সদস্যরা তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার ভোরে নারী ও শিশুসহ ১৬ জনকে বড়লেখার লাতু সীমান্তের একটি চা বাগানের ভেতরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। এতে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। বিষয়টি বিজিবি সিলেট-৫২ ব্যাটালিয়ানকে জানানো হয়। পরে বিজিবি এসে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং চারজন বাংলাদেশি রয়েছেন। 

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ জানান, বিজিবির চোখ ফাঁকি দিয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত দিয়ে অবৈধ বাংলাদেশিদের পুশইন অব্যাহত রেখেছে বিএসএফ। সোমবার সকালে লাতু সীমান্তে ১৬ জনকে আটক করেছে বিওপির টহল দল। রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিতের জন্য বিভিন্ন শরণার্থী ক্যাম্পের সঙ্গে আমাদের যোগাযোগ ও পাশাপাশি এনআইডি ও যাছাই-বাছাই প্রক্রিয়া চলতেছে। যাচাই শেষে সংশ্লিষ্ট থানায় তাদেরকে হস্তান্তর করা হবে।

বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, বিএসএফের পুশইনকৃত ১২ জন রোহিঙ্গা ও ৪ জন বাংলাদেশি নাগরিককে বিজিবি আটক করেছে বলে তিনি শুনেছেন। বিজিবি এখনও থানায় তাদের সোপর্দ করেনি। থানায় সোপর্দ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।