সৃজনশীল প্রশ্নমানে শুধু রচনামূলকে সৃজনশীলতা নয় বহুনির্বাচনি প্রশ্নের ক্ষেত্রেও সৃজনশীলতা।
সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন এবং শিক্ষক প্রশিক্ষক প্রশিক্ষণ ম্যানুয়াল অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্নের গঠন কাঠামো ও প্রকারভেদ নিয়ে আলোচনা করবো।
আমরা শিক্ষার ক্ষেত্রের পরিমাণগত দিকের চেয়ে গুণগত দিকের মান নিশ্চিতকরণে মনোনিবেশ করছি। আর শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে শিখন সম্বন্ধীয় উদ্দেশ্য বিশেষ প্রভাব বিস্তার করে থাকে। ব্লুম ট্যাক্সনোমী অনুযায়ী শিখন সম্বন্ধীয় উদ্দেশ্য তিনটি। যেমন- জ্ঞানসম্বন্ধীয় উদ্দেশ্য (Cognative), অনুভূতিমূলক উদ্দেশ্য (Affective), মনোপেশীজ উদ্দেশ্য (Psychomotor)। ব্লুম-এর উদ্দেশ্যের শ্রেণিবিভাগকে Domain of Educational Objectives বলা হয়ে থাকে। জ্ঞানসম্বন্ধীয় উদ্দেশ্য (Cognative) কে ছয় ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো: ১. জ্ঞান, ২. অনুধাবন,
৩. প্রয়োগ, ৪. বিশ্লেষণ, ৫. সংশ্লেষণ এবং ৬. মূল্যায়ন।
সৃজনশীল প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে উল্লিখিত ৬ টি দক্ষতাস্তরকে নিচের চারটি দক্ষতা স্তরে সাজানো হয়েছে। যথা: ১. জ্ঞান দক্ষতা স্তর, ২. অনুধাবন দক্ষতা স্তর, ৩. প্রয়োগ দক্ষতা স্তর, ৪. উচ্চতর চিন্তনদক্ষতা স্তর।
বহুনির্বাচনি প্রশ্নের প্রকারভেদ
বিভিন্ন প্রকারের বহুনির্বাচনি প্রশ্ন বিভিন্ন প্রকার পরীক্ষায় ব্যবহূত হয়। তবে বাংলাদেশে তিন ধরনের বহুনির্বাচনি প্রশ্ন মাধ্যমিক স্তরের পাবলিক পরীক্ষায় বা অভ্যন্তরীণ পরীক্ষায় ব্যবহূত হয়ে থাকে। এ তিনটির ধরণ হলো -
১. সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন
২. বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন
৩. অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
১. সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন
এ ধরনের প্রশ্ন শুরু হয়ে থাকে প্রশ্নের আকারে অথবা অসম্পূর্ণ বাক্য হিসেবে। প্রশ্ন অথবা অসম্পূর্ণ বাক্য উদ্দীপকের কাজ করে। তবে এক্ষেত্রে যথাসম্ভব অসম্পূর্ণ বাক্য পরিহার করা উত্তম। এরপরে থাকে ৪ টি বিক্ষেপক বা বিকল্প উত্তর, যার মধ্যে একটি মাত্র সঠিক উত্তর। এ ধরনের প্রশ্ন আমাদের দেশে শিক্ষক-শিক্ষার্থী এবং প্রশ্ন প্রণেতাদের কাছে যথেষ্ট পরিচিত। সাধারণ বহুনির্বাচনি প্রশ্নে উদ্দীপক/ নির্দেশনা একই সাথে থাকে। সাধারণত এ ধরনের প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীর জ্ঞান ও অনুধাবনস্তর যাচাই করা হয়। তবে বিকল্প উত্তর গুচ্ছে নতুন পরিস্থিতি প্রকাশ করতে পারলে এ ধরনের প্রশ্নের মাধ্যমেও প্রয়োগ ও উচ্চতর দক্ষতা যাচাই করা সম্ভব।
পরের অংশ আগামীকাল