মিরাজ খেলুক পাঁচে

বিশ্বকাপ অভিযান শেষে বাংলাদেশ দলের পরবর্তী মিশন শ্রীলংকা। প্রায় দেড় বছর পর লংকানদের সঙ্গে দ্বিপাক্ষিক কোনো সিরিজে মুখোমুখি হচ্ছে টাইগাররা। ক্যারিয়ার সেরা ছন্দে থাকা সাকিব আল হাসানের অনুপস্থিতি নিঃসন্দেহে দলকে ভোগাবে। এ অবস্থায় বাজির ঘোড়া হতে পারে তরুণ তুর্কি মেহেদি হাসান মিরাজ। আমি মনে করি ওকে পাঁচ নম্বর পজিশনে খেলানো হোক, কেননা বিশ্বকাপে পাঁচে খেলা লিটন দাসও আছেন ছুটিতে। অনুর্ধ্ব-১৯ দলে মিরাজ নিয়মিত ঐ পজিশনে খেলেছে, আর পারফরমেন্স তো সবারই জানা। এছাড়াও গত এশিয়া কাপ ফাইনাল ও বিপিএলের কিছু ম্যাচে ওপরের দিকে ব্যাটিং করে সে তার সামর্থ্যের প্রমাণ দিয়েছে। অথচ ওকে বোলিং অলরাউন্ডার হিসেবে ৭ বা ৮-এ খেলানো হয়। এদিকে তাকে সাকিবের উত্তরসূরি ভেবে রেখেছেন অনেকে। তাই সাকিবের মতো পুরোদসু্তর অলরাউন্ডার হিসেবে দীর্ঘদিন সেবা পেতে মিরাজের ব্যাটিং পরিচর্যা করা অতীব জরুরি। এজন্য শ্রীলংকা সফরে মেহেদী হাসান মিরাজকে পাঁচ নম্বর পজিশনে দেখে নিতেই পারেন টিম ম্যানেজমেন্ট।

মুসাদ্দিকুল ইসলাম তানভীর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,

ময়মনসিংহ