রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) পশ্চিমা শক্তির চাপে কাজ করে একটি রাজনৈতিক এবং 'আতঙ্কজনক' প্রতিবেদন জারি করেছে, যা ইসরায়েলকে ইরানের ওপর আক্রমণের অজুহাত দিয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) মস্কোতে এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, 'এই প্রতিবেদনটি ইচ্ছাকৃতভাবে উদ্বেগজনক সুরে ইসরায়েলকে অভিযান শুরু করার জন্য একটি অতিরিক্ত কারণ দিয়েছে, যা আইএইএ'র অভিযোগের মাধ্যমে অন্যান্য বিষয়ের সঙ্গে সঙ্গে এটিকে ন্যায্যতা দিয়েছে।'
মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আইএইএ বোর্ড অফ গভর্নরস ১২ জুন ইরানবিরোধী একটি প্রস্তাব পাস করে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল বিনা উস্কানিতে আগ্রাসন শুরু করার একদিন আগে সংস্থাটি দাবি করে, ইরান তার পারমাণবিক বাধ্যবাধকতা লঙ্ঘন করছে।
ল্যাভরভ বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের 'তীব্র চাপের মুখে' প্রণীত প্রস্তাবটি 'মহাপরিচালক রাফায়েল গ্রোসির অতিরিক্ত ইঙ্গিতের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল'।
তিনি আরও বলেন, 'এই প্রতিবেদনের বেশিরভাগ ভাষাই অস্পষ্ট ছিল, যা এই চারটি পশ্চিমা দেশ তাৎক্ষণিকভাবে গ্রহণ করে।'
আগের আরেকটি বক্তব্যে ল্যাভরভ বলেছিলেন, ইউরোপীয় নেতারা ইরানের কর্মসূচি নিয়ে নেতিবাচক মূল্যায়ন জারি করার জন্য আইএইএ'র ওপর চাপ প্রয়োগ করেছিলেন, তাই তারা ইসরায়েলের আগ্রাসনের জন্য 'দোষের অংশ বহন করবেন'।
শীর্ষ রাশিয়ান কূটনীতিক এই পদক্ষেপকে 'সম্পূর্ণরূপে নব্য উপনিবেশবাদী' বলে বর্ণনা করেছেন এবং বলেছেন, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং পরে যুক্তরাষ্ট্র ইরানবিরোধী প্রস্তাব পাসের লক্ষ্যে একটি প্রতিবেদন প্রকাশের জন্য সংস্থাটিকে সক্রিয়ভাবে সাহায্য করছে।
ল্যাভরভ সতর্ক করে বলেন, যদি আইএইএকে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দেওয়া হয়, তাহলে উদ্বেগের বিষয় হলো এই তথ্য ফাঁস হতে পারে, কারণ বর্তমানে গোপনীয়তার কোনো সুরক্ষা ব্যবস্থা নেই।
গ্রোসি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আগ্রাসনের নিন্দা করতে ব্যর্থ হয়েছেন, ইরানি কর্মকর্তাদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ইরানের পারমাণবিক শক্তি স্থাপনায় ইসরায়েলের আগ্রাসনের প্রতি পক্ষ নেওয়া এবং চোখ বন্ধ রাখার জন্য তেহরান গ্রোসির বিরুদ্ধে অভিযোগ করেছে।