ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে তার নিজ জেলা হবিগঞ্জে মানববন্ধন করা হয়েছে। মামলা প্রত্যাহারের দাবিতে জেলার বিভিন্ন স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে জেলা শহরের প্রাণকেন্দ্র টাউন হলের সামনে মানববন্ধনের আয়োজন করে ‘অভিযাত্রী’ নামে একটি সামাজিক সংগঠন। এতে বক্তব্য রাখেন রুখনোর রহমান, ফয়সল উদ্দিন অর্পণ, আল-আমিন, নাসির উদ্দিন জসিম, বিজন দাস, ফখরুল ইসলাম তালুকদার, কাজী আমিন, ফয়সল আহমেদ তুষার প্রমুখ। এদিকে সকাল সাড়ে ১০টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্টে ‘শায়েস্তাগঞ্জ উপজেলাবাসী’ ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।