নোয়াখালীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

জেলার সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের সল্লাঘটাইয়া গ্রামে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রুবেল (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেল ৫টার দিকে এ ঘটনার পর রাত ৯টার দিকে ধর্ষক রুবেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল একই বাড়ির মৃত আবু তাহেরের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে আদালতে হাজির করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঐ দিন বিকেলে শিশুটি বাড়ির উঠোনে খেলাধুলা করছিল। এ সময় রুবেল শিশুটিকে সুকৌশলে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিত্কারে বাড়ির লোকজন ঐ ঘরের দরজা খোলার চেষ্টা করলে রুবেল ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা। হাসপাতালের আবাসিক চিকিত্সক ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, চিকিত্সাধীন শিশুটির শারীরিক অবস্থা উন্নতির দিকে। প্রাথমিকভাবে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আগামী চার-পাঁচ দিনের মধ্যে সম্পূর্ণ ডাক্তারি পরীক্ষা শেষে প্রতিবেদন দাখিল করা হবে।

ঘটনা নিশ্চিত করে সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন জানান, সন্ধ্যার পর শিশু ধর্ষণের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রাত ৯টার দিকে পার্শ্ববর্তী কালিতারা বাজার থেকে রুবেলকে গ্রেফতার করে। এ ঘটনায়  শিশুটির পিতা বাদী হয়ে ধর্ষক রুবেলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন।