সদ্যপ্রয়াত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল মঙ্গলবার সিনিয়র বুশের পতাকা মোড়ানো কফিন ওয়াশিংটন ডিসির একটি রুটান্ডায় (গোলাকার হলঘর) নেওয়া হলে সেখানে প্রয়াত প্রেসিডেন্টকে শ্রদ্ধা জানান ট্রাম্প দম্পতি।
বুধবার শেষকৃত্যের আগ পর্যন্ত সেখানে গিয়ে শুভাকাঙ্ক্ষীরা সিনিয়র বুশকে শ্রদ্ধা জানাতে পারবেন। অতীতে বিভিন্ন সময় বুশ পরিবারের সঙ্গে নানা দ্বন্দ্বে অবতীর্ণ হলেও ট্রাম্প শেষকৃত্য অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। মঙ্গলবার অনুষ্ঠিত শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল, স্পিকার পল রায়ান উভয়েই সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশকে মহান দেশপ্রেমিক বলে আখ্যা দেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, প্রয়াত প্রেসিডেন্টের কর্মকাণ্ড সবাইকে দেশসেবায় উত্সাহিত করবে।
গত শুক্রবার ৯৪ বছর বয়সে মারা যান সিনিয়র বুশ। বুধবার তাকে টেক্সাসের নিজ বাড়িতে স্ত্রী বারবারার কবরের পাশে সমাধিস্থ করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট হিসেবে ১৯৮৯ থেকে ১৯৯৩ পর্যন্ত দায়িত্ব পালন করেন জর্জ এইচ ডব্লিউ বুশ।