নিষেধাজ্ঞার মধ্যে বঙ্গোপসাগরে মাছ ধরার ফিশিংবোট

বঙ্গোপসাগরে ৬৫ দিন নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই শরণখোলার অধিকাংশ ফিশিংবোট সাগরে মাছ ধরার জন্য চলে গেছে। ২৩ জুলাই মধ্য রাত পর্যন্ত সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা বলবত্ রয়েছে।

মঙ্গলবার দুপুরে শরণখোলার রাজৈর মত্স্য ঘাটে গিয়ে দেখা যায়, ঘাট প্রায় ফিসিংবোট শূন্য।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে জানান, ২৩ জুলাই নিষেধাজ্ঞা শেষ হওয়ার সাত/আট দিন আগেই বেশির ভাগ ফিশিংবোট মাছ ধরার জন্য সাগরে যাত্রা করেছে।

ফিসিংবোট মালিক ও মাছের আড়তদার কবির হোসেন জানান,  শরণখোলা মত্স্য সমিতির আওতায় প্রায় ১৫০ ফিশিংবোট রয়েছে। অধিকাংশ বোট চার/পাঁচ দিন আগে সাগরে গেছে। বাকি বোট মধ্যরাতে ছেড়ে যাবে।

তিনি বলেন, অন্যান্য জায়গায় জেলেরা এতদিন আইন লঙ্ঘন করে সাগরে মাছ ধরেছে, আমরা আইন মেনেই চলেছি। আমরা ফিসিংবোট মালিক ও জেলেরা অনেক ক্ষতিগ্রস্ত ও দেনা হয়েছি।

শরণখোলা উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, নিষেধাজ্ঞার মধ্যে সাগরে ফিশিংবোট যাওয়ার কথা নয়। কেউ গিয়ে থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।