বাগেরহাটের রামপালে নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াতের সভাপতি সম্পাদকসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের কাপাসডাঙা গ্রামের জামায়াতে ইসলামীর কর্মী আব্দুল ওয়াহেদ শেখের বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার সকালে এদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতদের মধ্যে রামপাল জামায়াত ইসলামীর সভাপতি শেখ নাসের উদ্দীন ও সেক্রেটারি মল্লিক আব্দুল হাই রয়েছেন।
বাগেরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, রামপাল উপজেলা জামায়াতের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে এলাকায় নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে গোপন বৈঠক করছে এই খবরের ভিত্তিতে পুলিশ অভিযানে যায় এবং তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।