গ্লোবাল ইসলামী ব্যাংকে ঋণ জালিয়াতির অভিযোগে ২৬ জনের বিরুদ্ধে ২ মামলা

গ্লোবাল ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াতির মাধ্যমে ৪৯ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ভাই, মেয়ে জামাই, সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের ভাইসহ ২৬ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সুবেল আহমেদ বলেন, রোববার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দুটি করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক বিলকিস আক্তার। মামলা দুটিতে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) এবং ২০১২ সালের মানিল্ডারিং প্রতিরোধ আইনের ৪(২)(৩) ধারায় অভিযোগ করা হয়। পাশাপাশি মাত্র পাঁচ দিনের মধ্যে চট্টগ্রামের সাদ মুসা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মাহমুদ সাজিদ কটন মিলস লিমিটেডের অনুকূলে ঋণ দুটি অনুমোদন দেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১৭ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে তৎকালীন এনআরবি গ্লোবাল ব্যাংকের (বর্তমান গ্লোবাল ইসলামী ব্যাংক) খাতুনগঞ্জ শাখা থেকে ক্ষমতার অপব্যবহার করে প্রয়োজনীয় জামানত ছাড়াই জাল জালিয়াতির আশ্রয় নিয়ে আলাদা দুইটি ঋণে যথাক্রমে ২৯ কোটি ১৬ লাখ ৫২ হাজার এবং ২০ কোটি ৫২ লাখ ৯৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়। যথাযথ যাচাই-বাছাই ছাড়া এসব ঋণের প্রস্তাবনা তৈরি ও সার্বিক রেকর্ডপত্র যাচাই না করে ঋণের জন্য সুপারিশ করেন ব্যাংকের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা। যা পরে ব্যাংকের ৩১ তম বোর্ড সভায় অনুমোদন করা হয়। এতে বড় ধরনের জালিয়াতি হয়েছে বলে জানিয়েছে দুদক।