সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক বাতিল করলেন আলজেরীয় প্রেসিডেন্ট

 

আলজেরিয়া সফররত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)-এর সঙ্গে বৈঠক বাতিল করলেন দেশটির প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফ্লিকা। সোমবার প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যগত কারণে সৌদি যুবরাজকে স্বাগত জানাতে পারছেন  না বুতেফ্লিকা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রেসিডেন্টের দপ্তরের এক লিখিত বিবৃতিতে বলা হয়েছে, ভাইরাস জ্বরের কারণে পরিকল্পনা অনুযায়ী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে স্বাগত করতে পারছেন না প্রেসিডেন্ট। মৌরিতানিয়া সফর শেষে রবিবার আলজেরিয়ায় পৌঁছান এমবিএস। পরদিন সোমবার আলজেরিয়ার বৃহত্তম ইসলামপন্থি দলের পক্ষ থেকে এমবিএস’কে স্বাগত জানানোয় দেশটির প্রধানমন্ত্রীর সমালোচনা করা হয়।

বিরোধীদলের প্রধান আবদেররাজ্জাক মাক্রি এক বিবৃতিতে বলেন, আলজেরিয়ার সুনাম, মূল্যবোধ ও বাস্তবসম্মত স্বার্থ বিবেচনা না করেই এই সফরের ব্যবস্থা করা হয়েছে। দৃশ্যত সাংবাদিক জামাল খাশোগির নৃশংস হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সংবাদমাধ্যমে নিজের নাম উঠে আসার পর ইমেজ পুনরুদ্ধারে দেশ-বিদেশে ম্যারাথন সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ।