সংবাদ সংক্ষেপ

সুন্দরগঞ্জে বন্যার্তদের ত্রাণ বিতরণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা উপজেলায় বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলকা ইউনিয়নের বানভাসি মানুষের মধ্যে ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আশরাফুল আলম সরকার (লেবু), থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আব্দুস সোবহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. মাহমুদুল হাসান মণ্ডল, সমবয় কর্মকর্তা আনিছুর রহমান প্রমুখ।

গফরগাঁওয়ে জাল নোট প্রতিরোধে ওয়ার্কশপ

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা  গফরগাঁওয়ে মঙ্গলবার সকালে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে এবং সোনালী ব্যাংক, গফরগাঁও শাখার তত্ত্বাবধানে খায়রুল্লাহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক, গফরগাঁও শাখার ব্যবস্থাপক রেজাউল হাছানের সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন খায়রুল্লাহ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা বেগম।

মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষমেলা

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা মনোহরগঞ্জে মঙ্গলবার তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা কৃষি অধিদপ্তর এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা শেষে মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ  মাঠে ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামীম বানু শান্তি। উদ্বোধন শেষে মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়।

জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষ্যে গোঁসাইরহাটে আলোচনা

গোঁসাইরহাট (শরীয়তপুর) সংবাদদাতা গোঁসাইরহাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মত্স্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষ্যে মঙ্গলবার আলোচনা সভা ও পুরস্কার বিতরণি হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন—উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাজমা বেগম প্রমুখ। 

সোনাতলায় জাতীয় মত্স্য সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলা উপজেলা মত্স্য দপ্তরের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মত্স্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  মঙ্গলবার ছিল সমাপনী অনুষ্ঠান। উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা, মূল্যায়ন ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লীটন।

চৌহালীতে বন্যাদুর্গতদের মধ্যে চাল বিতরণ

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা চৌহালীতে বন্যাদুর্গত ২ হাজার পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার ৫টি ইউনিয়নে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে এ চাল বিতরণ কাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ, চৌহালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন উপস্থিত ছিলেন। পরে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

পিরোজপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

পিরোজপুর অফিস জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষ্যে মঙ্গলবার পিরোজপুরে আলোচনা সভা ও শোভাযাত্রা হয়। জেলা প্রশাসকের দপ্তরে শহীদ আব্দুর রাজ্জাক ও শহীদ সাইফ মিজানুর রহমান স্মৃতি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

বিশেষ অতিথি পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. ফারুক আলম, উপপরিচালক (কৃষি) আবু হেনা মো. জাফর প্রমুখ।