রাষ্ট্রায়ত্ত কারখানাকে লাভজনক করতে অপ্রয়োজনীয় জনবল নিয়োগ বন্ধ করতে হবে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, কাজ না করে অবৈধভাবে বেতনভাতা উত্তোলনের প্রবণতাও পরিহার করতে হবে। গতকাল মঙ্গলবার পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষ্যে শিল্প মন্ত্রণালয় আয়োজিত উদ্ভাবন ও সেবামূলক কর্মকাণ্ডের প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন কারখানার ট্রেড ইউনিয়ন নেতাদের অবৈধ হস্তক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, ট্রেড ইউনিয়নগুলোর যে কোনো অবৈধ হস্তক্ষেপ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। শিল্প মন্ত্রণালয় প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের অধীন সকল শিল্প প্রতিষ্ঠানকে লাভজনক করতে হবে। যারা নিজ নিজ প্রতিষ্ঠানকে লাভজনক করবে, তাদের পুরস্কৃত করা হবে। রাষ্ট্রায়ত্ত কলকারখানায় দুর্নীতি সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় শিল্পমন্ত্রী বলেন, জনগণকে কষ্ট দিয়ে রাস্তাঘাট বন্ধ ও মানুষকে জিম্মি করে কোনো দাবি আদায় করা যাবে না। সম্মিলিত উদ্যোগে শ্রমিক-কর্মচারী নির্বিশেষে যে কোনো সমস্যা সমাধানের তাগিদ দেন তিনি। শিল্প সচিব মো. আব্দুল হালিমের সভাপতিত্বে এ সময় মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।