নিজেদের অর্থ দিয়েই এসডিজির লক্ষ্য পূরণ করব :পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের জন্য আমাদের সরকারের প্রতিশ্রুতিগুলো খুবই স্পস্ট। এসডিজি অর্জনে প্রচুর অর্থের প্রয়োজন। আমরা নিজেদের অর্থায়ন দিয়েই এই লক্ষ্য অর্জনে এগিয়ে যাব। কারণ বৈদেশিক সহায়তা সেভাবে পাওয়া যাবে না। জাতিসংঘ থেকেও খুব বেশি আশা করা যাবে না। তারা উত্সাহ ছাড়া কিছুই দেয় না। এসডিজি বাস্তবায়নে আমরা অভ্যন্তরীণ উত্স থেকে অর্থায়নে জোর দিচ্ছি। বেসরকারি খাতকেও এর সঙ্গে সম্পৃক্ত করা হবে। পরিকল্পনামন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল ৯ থেকে ১৯ জুলাই জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত গ্লোবাল পার্টনারশিপ ফর ইফেক্টিভ ডেভেলপমেন্ট কো-অপারেশন (জিপিইডিসি)-এর বিভিন্ন বৈঠকে অংশ নেন। সফরের বিভিন্ন দিক তুলে ধরে গতকাল আগারগাঁওস্থ এনইসি সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, পরিকল্পনা বিভাগ সচিব নূরুল আমিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।