মিয়ানমারে চলমান এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্বের 'সি' গ্রুপের লড়াইয়ে বড় জয় দিয়ে উড়ন্ত শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। তবে এখনো হাফ ছেড়ে নিশ্বাস নেওয়া সুযোগ নেই। কারণ পরবর্তী ম্যাচেই হবে আফঈদাদের মূল পরীক্ষা। বাংলাদের পরবর্তী ম্যাচ আগামী বুধবার। গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে মাঠে নামতে হবে এই ম্যাচে। র্যাংকিংয়ের বিবেচনায় কিংবা অতীতের মুখোমুখি লড়াই সব দিকেই এগিয়ে তারা। তবে সেসব ভাবছে না বাংলাদেশ, নিজেদের ওপর রয়েছে পূর্ণ আত্মবিশ্বাস। নিজেদের মত করে খেলতে পারলে এবার অতীতের স্মৃতিও বদলে ফেলতে পারবেন বলে বিশ্বাস রয়েছে দলের।
রোববার র্যাংকিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনের বিপক্ষে বড় জয়ের পর ফুরফুরে মেজাজেই গতকাল সময় কাটিয়েছি বাংলাদেশের মেয়েরা। সোমবার কোনো অনুশীলন করেনি। সুইমিং করে এবং জিমেই সময় কাটিয়েছে। জানা গেছে, আজ মিয়ানমারের বিপক্ষ ম্যাচের আগে অনুশীলন করবে আফঈদার দল। পরবর্তী ম্যাচে নিজেদের পরিকল্পনা জানিয়ে গতকাল বাফুফের দেওয়া ভিডিও বার্তায় দলের ফর ওয়ার্ড ঋতুপর্ণা চাকমা বলেন, 'প্রথম ম্যাচে আমরা ভালো একটা ফল পেয়েছি। পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকে আমাদের রিকোভারী সেশন ছিল। সুইমিং ছিল-জিম সেশন ছিল। সব কিছুই ভালোই। এখন পরবর্তী দুই ম্যাচের জন্য কোচ যেই দিকনির্দেশনা দিবে সেটা ফলো করে নিজেদের সেরাটা মাঠে দেওয়ার চেষ্টা করব।'
বাহরাইনের বিপক্ষে দ্বিতীয় গোল এসেছিল ঋতুপর্ণার পা থেকে। পরে ম্যাচ শেষে সেই গোলটি তার প্রয়াত ছোটো ভাইয়ের উদ্দেশে উৎসর্গ করেন এই ফরোয়ার্ড। এ নিয়া তিনি বলেন, 'রোববার আমার ভাইয়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী ছিল। ছোট ভাই খুব আদরের ছিল। তাই ম্যাচের আগেই আমার লক্ষ্য ছিল যদি গোল পাই তাহলে আমি আমার ভাইকে উৎসর্গ করবো এবং আমি গোল পেয়েছি সেটাই উৎসর্গ করেছি।'
এ দিকে ভিডিও বার্তায় দলের ম্যানেজার মাহাবুবুর রহমান লিটু বলেন, 'প্রথম ম্যাচে আমরা খুব ভালোভাবেই শেষ করেছি। আমাদের পরবর্তী ম্যাচ দুই তারিখে, স্বাগতিক দলের বিপক্ষে। গেল ম্যাচের পারফরম্যান্সের পর আমি আশা করবো, পরবর্তী ম্যাচেও আমাদের মেয়েরা ভালো করবে।'
দলের সোমবারের কার্যক্রম জানিয়ে তিনি আরও বলেন, 'বাহরাইনের বিপক্ষে আমাদের খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। ঐ ম্যাচে মেয়েরা নিজেদের শতভাগ দিয়েছে। সবাই ভালো খেলেছে যার যার যা দায়িত্ব ছিল তা পালন করেছেন। তো আমরা পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকে মেয়েরা রিকোভারী সেশন করছে, স্ট্রেচিং করেছে। আশা করি, আমরা পরবর্তী ম্যাচের জন্য ভালো ভাবেই প্রস্তুতি নিবো।'
এর আগে বাছাইয়ের প্রথম ম্যাচ জয়ের পর দলের অধিনায়ক আফঈদা খন্দকার এক ভিডিও বার্তায় বলেছিলেন, 'বেশ ভালো অনুভব করছি। প্রথম ম্যাচে জয়ের টার্গেট ছিল সেটা পূরণ হয়েছে। লক্ষ্য ছিল বড় গোলের ব্যবধানে জয় তুলে নেওয়ার, সেটাতেও সফল হয়েছি। এখন আমাদের পরবর্তী পরিকল্পনা মিয়ানমারকে নিয়ে। তাদের বিপক্ষে কোচ আমাদের যেভাবে দিকনির্দেশনা দিবে সেটা অনুসরণ করে কাজ করবো।'
তবে প্রথম ম্যাচে নিজেরা বড় জয় পেলেও দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ নিয়ে বেশ সতর্ক বাংলাদেশ। কারণ মিয়ানমারও নিজেদের প্রথম ম্যাচে উড়িয়েছে তুর্কমেনিস্তানকে। জিতেছে ৮-০ ব্যবধানে। এছাড়া শক্তি সামর্থ্যেও স্বাগতিকরা এগিয়ে আফঈদাদের থেকে। বাংলাদেশ দলের ইংলিশ কোচ পিটার বাটলার পরবর্তী ম্যাচ নিয়ে ভিডিও বার্তায় বলেন, 'আমি সব সময় শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চাই। এটা তেমনি একটা প্রতিপক্ষ, সাথে গ্যালারিতে থাকবে তাদের দর্শক, সব মিলিয়ে কঠিন চ্যালেঞ্জ, তবে আমরাও প্রস্তুত।'
দলের প্রথম ম্যাচের পারফরম্যান্স নিয়ে কোচ বলেন, 'দল খুব ভালো খেলেছে। এতদিন আমরা যেসব নিয়ে কঠোর পরিশ্রম করেছি তার ফলই পেয়েছি। মেয়েরা খুব ভালো করেছে। আশা করি, এই ধারাবাহিকতা সামনের ম্যাচেও বজায় রাখবে।'